মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির আইপিএল থেকে অবসর নেওয়ার ঘটনা ক্রিকেটপ্রেমীদের একটু হলেও মন খারাপ করে দিয়েছে। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই দেশ বিদেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ধোনিকে নিয়ে নানারকম প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর ভারতীয় ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করেছেন। সেই তালিকায় চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড, প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে ধোনির সময়ের জাতীয় দলের সতীর্থ রায়না, পাঠানরাও রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কে কী মন্তব্য করেছেন ---
চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন ২০১৯ সালে। ধোনিই তখন দলের নেতৃত্বে। ক্যাপ্টেন কুলের সারল্যতাই মন ছুঁয়ে গিয়েছিল গায়কোয়াডের। তিনি জানান, 'সরলতা। ২০১৯ সালে যখন আমি প্রথম সিএসকেতে যোগ দিই, তখন আপনাকে খুব কাছ থেকে দেখে এই শব্দটির প্রকৃত অর্থ শিখেছিলাম। বছরের পর বছর ধরে আপনি যা কিছু অর্জন করেছেন, তা সত্ত্বেও এটিই ছিল আমার শেখা সবচেয়ে বড় শিক্ষা। আপনার সঙ্গে ড্রেসিংরুম, মাঠ, ২২ গজ ভাগ করে নেওয়া ও ম্যাচ ফিনিশ করা স্বপ্নের মত। আপনি আমাদের অধিনায়ক ও আমাদের নেতা যা সবসময় থাকবেন। সবকিছুর জন্য ধন্যবাদ, মাহি ভাই।'


