ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ মূলত এক দলের পেসারদের আরেক দলের পেসারদের টেক্কা দেওয়ার লড়াই হতে চলেছে। প্রথম টেস্টে কিউয়ি শিবির তিনজন বিশেষজ্ঞ পেস বোলার ও একজন বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজাতে চলেছে, সেই কথা জানিয়ে দিলেন টম ল্যাথাম। কিউয়ি অধিনায়ক জানিয়েছেন আগামী বেশ কয়েকটি সপ্তাহজুড়ে দলের বোলিং ডিপার্টমেন্টের প্রত্যেকের ওয়ার্কলোডের কথা ভেবে নমনীয়তা বজায় রাখা হবে।
সাংবাদিক বৈঠকে ল্যাথাম বলেন, 'আমরা তিনজন ফাস্ট বোলার ও একজন বোলিং অলরাউন্ডার নিয়ে খেলব। আমরা ভাগ্যবান যে আমাদের হাতে প্রচুর ফাস্ট বোলার রয়েছে ও প্রায় সবাই ফিট হয়ে ওঠার পথে, যা দারুণ ব্যাপার। কে কোন ম্যাচ খেলবে তা আগে থেকে পরিকল্পনা করা কঠিন, তবে ম্যাচ চলাকালীন পরিস্থিতি ও ওয়ার্কলোডের ওপর ভিত্তি করে আমরা কিছুটা নমনীয় থাকার চেষ্টা করছি। আগামী ছয়-সাত সপ্তাহে বিষয়টি কেমন দাঁড়াবে তা নিয়ে আমরা নমনীয় থাকতে চাই, তবে অবশ্যই এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দিকে।'


